Friday, August 1, 2014

প্রেমপত্রঃ ২

রাধারানী,

সেই কবে পায়ে তীর খেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছি, এখন তো কেউ পাত্তাও দেয় না। এবং লোকজন না জেনে চরিত্র তুলে যা নয় তাই বলে। সারাজীবন একটাও ভুল কাজ না করেও লোকজন দাগিয়ে দিয়েছে "সবথেকে বড় পলিটিশিয়ান"। আরে গাধা, পলিটিশিয়ান হতাম যদি, সবশেষে সব ভাগ করে ফিরতাম নাকি? গোটাটাই হাতিয়ে নিতাম না?

সে যাকগে। সেসব তোমায় লিখতে চাই না। মানে লিখলেও আজ না। এখানে না।

কে এক "পত্নীর ভাই" লিখেছিল "বনমালী তুমি পরজনমে হইও রাধা"। কি যাচ্ছেতাই ব্যাপার। সে লাইন আজকাল Gender Equality আন্দোলনেও দেখি ব্যবহার হচ্ছে। তা হোক। লোকজন করেকম্মে খাক। খামোকা আমার পিছনে লাগা ক্যানো?

গোটা মহাভারত জুড়ে, রাধারানী, তুমি ছিলে কই? আমি তো বৃন্দাবন ছেড়ে মথুরা এলাম। কংসমামা কে খতম করলাম। লোকজন আমায় মাথায় করে নাচলো। সেই ভিড়ে আমি যে চোখজোড়া খুঁজছিলাম, সেটা বাদে সব ছিল। আমার দরকার ছিল না এসব। ভালোই ছিলাম তো। কিন্তু ওই, কিসব নিয়তি হ্যানাত্যানা বলে আমায় লোকজন পাম্প দিয়ে ফুলিয়ে এক অতিমানব বানালো। আমার চেনা জীবন থেকে টেনে আনলো, এনে জুতে দিলো এই রাজনীতির চক্করে। আমি একের পর এক অতিমানবীয় কাজের দায়িত্ব পেলাম। ভাবলাম, করি সব। তোমার কানে তো যাবে, তুমি যে আমার ছেলেমানুষি নিয়ে মজা করতে, সে আর পারবে না করতে। আমি একের পর এক এইসব করতে থাকলাম, আর খেয়ালও করলে না তুমি। আমিও তাই জেদ করেই যুদ্ধে না থেকেও থাকলাম। তুমি একবার মাত্র এসেছিলে। আমায় দেখে বললে, "এ কৃষ্ণ আমার কৃষ্ণ না"। আরে তোমার জন্যই আমি বাঁশি ছেড়ে রথের রাশ ধরেছিলাম হাতে। তোমায় দেখাবার জন্য, যে কৃষ্ণ একাই ভারতের ইতিহাস পাল্টে লেখার ক্ষমতা রাখে। সেই তুমি ভুল বুঝলে। আমার জাত তো গ্যালোই, পেটও ভরলো না।

সে যাকগে। সেসব নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু, এই আজকের দিনে এসেও, তোমায় এইসব নারীবাদীরা ট্র্যাজিক নায়িকা বানিয়েছে, আমাকে বানিয়েছে শরীরসর্বস্ব পুরুষের স্টিরিওটাইপ। ক্যানো?

এখনও রাতে তুমি ঘুমোতে চাইলে ফোন রেখে দিই। রাখতে হয়। হয়ত সারাদিন দেখিনি, কথা হয়নি, আমি চাই কথা হোক আরেকটু, তাও রেখে দিতে হয় ফোন। আমি-তুমি প্রেম করার খবর বাজারে চাউর হলে আমাকেই সিগারেট (আমার বন্ধুদের) আর চাউমিন (তোমার বন্ধুদের) খাওয়াতে হয়। তুমি ঝামেলা করলেও আমাকেই মিটমাট করতে হয়। তোমার মা, আমায় পুলিশে দিতে চান, মাঝেমাঝে ফোন করে আমার "বাজারদর" জানতে চান, জানতে চান কত পেলে আমি তোমায় ছেড়ে দেবো। কলেজে তুমি সঙ্গে থাকলেই লোকজন সিগারেট চেয়ে ফাটিয়ে দেয়। আমি-তুমি হয়ত কথা বলছি, তখনই আমাকে বা তোমাকে যত দরকার পড়ে লোকজনের।

এমনকি হয়ত সন্ধেবেলা এমনি তোমার সাথে নিরিবিলি বসে আড্ডা মেরে এসেছি, তাও ক্যানো লোকজন জানতে চাইবে "ফষ্টিনষ্টি" করছিলাম কিনা? এমনি শনি-রোববার আমি বাড়ি বসে থাকবো বলে বন্ধুদের সাথে কোথাও বেরবো না বললেও ক্যানো তারা ভাববে আমি আর তুমি কোথাও যাবো বলেই আমি তাদের কাটাচ্ছি? যেখানে হয়ত আমি আর তুমি এতদিন একসাথে থেকেও একসাথে কাটাবার সময় বের করতে পারিনি?

যাকগে, এর একটাও তোমার দোষ না। তোমাকেও এগুলো ভোগ করতে হয়। কিন্তু তাও তুমি ট্র্যাজিক নায়িকা, আমি চরিত্রহীন।

রাধারানী, তুমি প্লিজ পরজনমে হইও বনমালী। একবারের জন্য অন্তত।
 

No comments:

Post a Comment