তোর চোখে জল দেখতে আমার একদম ভালো লাগে না।
কিন্তু তাও সেদিন আমার জন্য তোর ওইরকম খুনখারাপি চোখেও জল এসে গিয়েছিল।
এই চিঠি যদি কোনোদিন স্বঘোষিত ফেমিনিস্টদের হাতে পড়ে, তাহলে আমার তিনমাস জেল আর সাতদিনের ফাঁসি নিশ্চিত। এবার সেই ফেমিনিস্টরা তো দাগিয়ে দিয়েই খালাস। তারা কি আর জানবে যে তোর চোখে জল এসেছিলো, কিন্তু তুই ধ্রুপদী সংজ্ঞায় কাঁদছিলি না। খাবারে ওইরকম ঝাল থাকবে সে আমি জানবো কিকরে? মানে ঝাল থাকতে পারে জানতাম, তোর অতটা ঝাল লাগবে জানা সম্ভব নয়। আমি তোর প্রেমিক। বাপ নই।
হ্যাঁ, স্কোভেল ইউনিটে ঝাল মাপা যেত হয়তো। তুই কটা লঙ্কা খেয়ে জিভ বের করে হ্যা হ্যা করিস এবং আমি কটা, সেটার গড় করে একটা সর্বজনগ্রাহ্য পরিমাণ ঠিক করে নেওয়া যেত। কিন্তু তাহলেই যেটা হত, ব্যাপারটা পারফেক্ট হয়ে যেত। মানে পারফেক্ট খাবার, পারফেক্ট ব্যাপারস্যাপার, দুটো পারফেক্ট মানুষ, হ্যাপিলি এভার আফটার ইত্যাদি ইত্যাদি। কিন্তু সব পারফেক্ট হলে আর আমার-তোর একসাথে থাকার মানে হয় কি কোনো? আমরা অত পারফেক্ট হলে তো হয়েই যেত। এবার যেটা কথা, তাহলে হয়তো আমি-তুই একসাথে থাকতাম না। মানে সব পারফেক্ট হলে ব্যাপারস্যাপার কিরকম আলুনি হয়ে যায় না? সবই যদি ভালো হয়, দুজন যদি দুর্দান্ত তুখোড় হয়, পারফেক্ট হয়, ঘুমের ঘোরেও তোর গা থেকে আঁচল সরে না যায়, বা আমার বালিশে লালা না লেগে থাকে, তাহলে সেখানে ব্যাপারটা আদৌ দুজন মানুষের একটা সম্পর্ক হয় না। বরং দুটো পিকচার পারফেক্ট বোকা লোকের ট্রফিরুম হয়ে দাঁড়ায় প্রেমটা।
সব জিনিস সবসময় ঠিকভাবে চলে না। যা ভাবি, যেভাবে ভাবি, সবসময় হয়ে ওঠে না। জীবন বড্ড সারকাস্টিক। এবং মোক্ষম মুহূর্তে মজা করে দেয়। সেখানে পারফেক্ট থাকা, একটা মিথের বেশি কিচ্ছু না। এই মিথের পিছনে দৌড়ে বেকার সময় নষ্ট করার মানে হয় কোনো?
আমি জানি, আমি প্রবল একগুঁয়ে, খানিক মাথামোটা, অনেকটা আবেগ দিয়ে নিয়ন্ত্রিত মানুষ। তুই সেদিক দিয়ে অনেক প্র্যাকটিকাল। হ্যাঁ, ক্ষেত্রবিশেষে তুই প্রবল কেয়ারলেস, পারলে নিজের হাত-পা অবধি ভুলে যাস। অটোভাড়া ১৬ হলে ৩২ টাকা দিয়ে দিস। হাত থেকে দু টাকার কয়েন আর সাতহাজারি বা আটহাজারি ফোন একইভাবে ফেলে দিস।
এইসব না হলে তোকে আমি কেন মনে রাখতাম? বা আমায় তুই? সব হিসেব মিলে গেলে কেউ মনে রাখে সেসব? আর ভেবে দেখিস, সেই সিঁড়িভাঙ্গা অঙ্কটাই আজও ভুলিস নি, যেটা ভুল করে তুই ক্লাস সেভেনে অঙ্কে ফুল মার্কস একটুর জন্য হাতছাড়া করেছিলিস। মিলে যাওয়া উৎপাদকে বিশ্লেষণ নয়।
সুতরাং, বাড়ি ফিরে না জানালে আগামীকালও প্রবল গালাগাল খেতে চলেছিস। সেখানে আপাতত রদবদল হচ্ছে না।
প্রেম তো আর বামফ্রন্ট সরকার নয়। পরিবর্তন না এলেও চলে।
No comments:
Post a Comment